গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে ইইউবির প্রশিক্ষণ, ওবিই বাস্তবায়নে নতুন দিগন্ত
ইইউবি প্রতিনিধি:
দেশের উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নে নতুন দিগন্তের সূচনা করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)।
শনিবার ১১ এপ্রিল রাজধানীর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘শিক্ষকদের গুণগত মান নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সব বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। আয়োজন করে ইইউবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।
প্রশিক্ষণে প্রধান বক্তা অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা জরুরি। ওবিই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে পরিমাপযোগ্য করা সম্ভব। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আত্মমূল্যায়ন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) অনুসরণ করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মানে সামঞ্জস্য তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ফরহাদ খান বলেন, “ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা কাজ করছি। এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি একসঙ্গে এগিয়ে আসেন, তবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটি উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, “শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য আধুনিক শিক্ষাপদ্ধতি, গবেষণা ও প্রশিক্ষণের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পূর্ণ স্বীকৃতি অর্জনের পথকে আরও সুদৃঢ় করবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. আবু তাহেরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুবায়ের এনামুল কবির, ট্রেজারার মোশারফ হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীকেন্দ্রিক আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে এবং দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন