গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা–শ্রীপুর শাখায় গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সোয়া দুইটার দিকে সংঘটিত এই নাশকতায় শাখার সাইনবোর্ড আংশিক পুড়ে গেলেও ভেতরের কোনো কক্ষ, আসবাব বা নথিপত্রের ক্ষতি হয়নি। ঘটনাস্থলেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, রাতে শাখা ব্যবস্থাপকসহ চারজন কর্মকর্তা নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন। আচমকা প্রবল শব্দ শুনে তারা ঘুম থেকে জেগে ওঠেন। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ছুটে গেলে কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে বাইরে বের হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মূল প্রবেশদ্বারের সামনে আগুন দেখা গেলে স্থানীয়দের সহযোগিতায় তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও বলেন, “আগুনের কারণে শুধু সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। শাখার ভেতরে কোনো নথি বা সরঞ্জামের ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আলোচনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলমান থাকায় দুর্বৃত্তরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।”

ঘটনার পর প্রাথমিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}