গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেলতলি গ্রামে ঘোড়ার মাংসসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

আটক যুবক রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ভোররাতে সন্দেহজনকভাবে মাংস বহন করতে দেখে রুবেলকে আটক করেন তারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদে কসাই রুবেল জানান, ঘোড়াগুলো হোটেলে বিক্রির উদ্দেশ্যে জবাই করা হয়েছিল।

স্থানীয়রা বলেন, “মানুষের অজান্তে ঘোড়ার মাংস গরু বা ছাগলের মাংস হিসেবে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের প্রতারণা দীর্ঘদিন ধরে চলছিল বলে আমরা ধারণা করছি। আজ হাতে-নাতে ধরতে পেরেছি।”

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। তিনি জানান,
“বেলতলি এলাকার খন্দকার বাড়ি মোড়ের পশ্চিমে একটি সীমানা প্রাচীরের ভেতরে রাত দুইটার দিকে দুইটি ঘোড়া জবাই করা হয়। মাংস প্রসেসিং শেষে পিকআপে করে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় শব্দ পেয়ে স্থানীয়রা একজনকে মাংসসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।”

তিনি আরও জানান,
“জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে যে, রাতেই দুটি ঘোড়া জবাই করে সেগুলোর মাংস গাজীপুরের জয়দেবপুর এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। এটি একটি সংঘবদ্ধ অসাধু মাংস ব্যবসায়ীর চক্র বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।”

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}