কাজী সামাদ
ঢাকা-৭ আসনের দীর্ঘদিনের প্রকট গ্যাস সংকট নিরসনে সরাসরি তিতাস গ্যাস কার্যালয়ে গিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন অত্র আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। আজ (মঙ্গলবার) পান্থপথস্থ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর প্রধান কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠকে সংসদ সদস্য জনাব হামিদুর রহমান ঢাকা-৭ আসনের বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকট ও জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন যে, রান্নার কাজে গ্যাসের অভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। সমস্যা সমাধানে কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত মাঠপর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বৈঠক শেষে জনাব হামিদুর রহমান হামিদ বলেন, “জনগণের মৌলিক সমস্যা সমাধানই আমার প্রথম অগ্রাধিকার। গ্যাসের সমস্যার কারণে আমার নির্বাচনী এলাকার মানুষ কষ্টে আছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আশা করছি খুব শীঘ্রই এলাকাবাসী এই সংকট থেকে মুক্তি পাবে।”
জনগণের ভোগান্তি লাঘবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন