ইসমাইল আহমেদ।
মাত্র ২০০ টাকায় প্রবাসীদের আবাসন। বিমানবন্দর থেকে যাতায়াত ও ফ্রি ছিলো,
দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অনেক প্রবাসীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বিশেষ করে ফ্লাইট বিলম্ব হলে কিংবা ঢাকার বাইরে থেকে আসা প্রবাসীদের যানজটের কারণে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।
তবে এই ভোগান্তি এড়াতে প্রবাসীদের জন্য রয়েছে সরকারি আবাসন সুবিধা। বিমানবন্দর থেকে মাত্র সাড়ে ৬ কিলোমিটার দূরে ___ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের___
উদ্যোগে নির্মিত প্রবাসী কল্যাণ সেন্টার।
এখানে একজন প্রবাসী মাত্র √২০০ টাকা খরচে এক রাত থাকতে পারেন। এর সঙ্গে রয়েছে ১০০ টাকা আবেদন ফি। সর্বোচ্চ দুই রাত থাকার সুযোগ রয়েছে। পুরুষ ও নারীদের জন্য রয়েছে পৃথক আবাসন ব্যবস্থা।
শুধু আবাসন নয়, বিমানবন্দর থেকে সেন্টারে যাওয়ার জন্য রয়েছে বিনামূল্যে পরিবহন সুবিধা। ফলে ফ্লাইট বিলম্ব হলে, ঢাকার যানজট এড়াতে চাইলে কিংবা ঢাকার বাইরে থেকে আসা প্রবাসীরা আগাম প্রি-বুকিং করে এই সেন্টারে অবস্থান করতে পারেন।
প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১৪০ কাঠা জমির ওপর নির্মিত এই সেন্টারটি উদ্বোধন করা হয় ২০২২ সালের ১৮ মার্চ। এখানে রয়েছে আধুনিক ও পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা।
কিন্তু এত সুবিধা থাকার পরও সেন্টারটির অধিকাংশ শয্যা খালি পড়ে থাকতে দেখা যাচ্ছে। কারন হিসেবে সামনে এসেছে প্রচারণার ঘাটতি। অনেক প্রবাসীই জানেনই না বিমানবন্দরের কাছেই মাত্র ২০০ টাকায় থাকার এমন সরকারি ব্যবস্থা রয়েছে।
সম্প্রতি সেন্টারে গিয়ে অল্পসংখ্যক প্রবাসীর দেখা পাওয়া যায়। তাদের একজন জানান, ঢাকার যানজটের কারণে বিমানবন্দর থেকে আসতে বেশ সময় লেগেছে। তবে সেন্টারে এসে কম খরচে থাকা এবং ভালো পরিবেশ পাওয়ায় তিনি সন্তুষ্ট।
অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, সেন্টারটি চালুর পর বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে চলা সড়কের উন্নয়নকাজের কারণে বর্তমানে যাতায়াতে কিছুটা সমস্যা হচ্ছে। সড়কের কাজ শেষ হলে প্রবাসীদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
প্রবাসীদের জন্য নিরাপদ ও স্বল্প খরচের এই আবাসন সুবিধা থাকলেও তথ্যের অভাবে অনেকে বিমানবন্দরেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন।
ফ্লাইট বিলম্ব, ঢাকার যানজট কিংবা দূরবর্তী এলাকা থেকে আসা—যে কোনো প্রয়োজনে আগাম প্রি-বুকিং করে মাত্র ২০০ টাকায় থাকার পাশাপাশি বিমানবন্দর থেকে বিনামূল্যে যাতায়াতের এই সুবিধা নিতে পারেন প্রবাসীরা।
এখন প্রশ্ন—এত কম খরচে এমন সুবিধা থাকা সত্ত্বেও এর খবর কেন পৌঁছাচ্ছে না দেশের প্রবাসীদের কাছে?
মন্তব্য করুন